নাটকীয়তার অবসান : বিমান ছিনতাইকারী আটক


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৯ মার্চ ২০১৬

ছিনতাইয়ের শিকার মিসরের যাত্রীবাহী বিমানের সব আরোহীকে মুক্ত করা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছেন ওই ছিনতাকারী। বিমান ছিনতাইয়ের এ ঘটনা নিয়ে সব ধরনের নাটকীয়তা আপাতত শেষ হয়েছে।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইজিপ্টসিয়ান এয়ারলাইনের বিমানটি মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোর উদ্দেশে উড্ডয়ন করে। পরে শরীরে আত্মঘাতী বেল্ট আছে দাবি করে সাইপ্রাসের দক্ষিণ উপকূলের লারনাকা বিমানবন্দরে বিমানটি অবতরণে পাইলটকে বাধ্য করে ওই ছিনতাইকারী।

কয়েক ঘণ্টার নাটকীয়তার পর বিমানের চার বিদেশি আরোহী ও একজন ক্রু ছাড়া সবাইকে মুক্তি দেন তিনি। এরপরে ওই ছিনতাইকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে থাকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা।

egypt

সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, সব কিছুর অবসান হয়েছে। ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, এয়ারবাস ৩২০ এর ওই বিমানে সাত ক্রুসহ ৬০ আরোহী ছিলেন। বিমানের পাইলট জানান, ওই ছিনতাইকারী নিজের কাছে বিস্ফোরক আছে দাবি করে বিমানটি সাইপ্রাসের দিকে নিয়ে যেতে বাধ্য করে। যদিও তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান ছিনতাইয়ের পেছনের উদ্দেশ্য এখনো অস্পষ্ট। তবে রয়টার্স বলছে, ব্যক্তিগত উদ্দেশ্যই ছিল ছিনতাইকারীর মূল উদ্দেশ্য, তার সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি; যিনি বর্তমানে সাইপ্রাসে বসবাস করছেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।