প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান
উপজেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে উপজেলা চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী উপজেলা পরিষদের আয় স্থানীয়ভাবে বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করে বলেন, উপজেলা চেয়ারম্যানগণ হচ্ছেন স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়, তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
উপজেলাসমূহের আওতাধীন উন্নয়ন প্রকল্পের কাজের সঠিক মান ও নির্ধারিত সময় বজায় রাখার আহ্বানও জানান তিনি।
এসময় উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের মাসিক সম্মানিভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী সকল যৌক্তিক দাবি পূরণে আশ্বস্থ করেন তাদের।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এএস/এসকেডি/পিআর