তৃতীয় ধাপের নির্বাচনে ৪৬ ইউনিয়নে বিএনপির প্রার্থী নেই


প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৯ মার্চ ২০১৬

তৃতীয় ধাপের ৬২১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪৬টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। এরমধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আগামী ২৩ এপ্রিল এসব ইউপিতে ভোট হবে। আর এসব ইউপির জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল রোববার (২৭ মার্চ)। তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে মোট দুই হাজার ৯৯২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে মোট ১৪টি রাজনৈতিক দল এক হাজার ৫৪৩ জন প্রার্থী দিয়েছে। অবশিষ্ট এক হাজার ৪৪৯ জন প্রার্থী স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ৬২১ জন, বিএনপি ৫৭৫ জন, জাতীয় পার্টি ১৮৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২৮ জন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯৩ জন, জাতীয় পার্টি (জেপি) ২ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১ জন, খেলাফত মজলিস ৪ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১ জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ৩ জন, ইসলামী ঐক্যজোট ৩ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১৩ জন ও অন্যান্য ১ জন প্রার্থী দিয়েছে।

যে ৪৬ ইউপিতে বিএনপির প্রার্থী নেই
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা, কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ও গোপগ্রাম, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বারমাছড়ি, মহালছড়ির ক্যায়াংঘাট ও মুবাছড়ি, দীঘিনালার কাবাখালী, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া, গোলাবাড়ি, কমলছড়ি, পেরাছড়া, পানছড়ির লোগাং, গাইবান্ধা সদরের কামারজানি ও মোল্লারচর, গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফুকরা, হাতিয়াড়া, কাশিয়ানি, মামুদপুর, নিজামকান্দি, ওড়াকান্দি, পারুলিয়া, পুইশুর, রাজপাট, শাজাইল ও সিংগা, চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগর, চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া, মহারাজপুর ও নারায়ণপুর ইউনিয়ন।

এছাড়া ঝিনাইদহের কালিগঞ্জের জামাল, নারায়ণগঞ্জ সদরের আলীরটেক ও কুতুবপুর, নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাই ও পূর্ব ছাতনাই, নোয়াখালী চাটখিলের খিলপাড়া, নড়াইল সদরের মুলীয়া, বান্দরবনের রুমা উপজেলার রুমা, মুন্সীগঞ্জের লৌহজঙ্গের বৈলতলী, গাওনদিয়া ও কুমারভোগ, রাজবাড়ির গোয়ালন্দের উজানচর, বালিয়াকান্দির ইসলামপুর ও জংগল, রংপুরের মিঠাপুকুরের দুর্গাপুর, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ও মাদাতি এবং সিলেটের কানাইঘাটের সাতবাকেও বিএনপির প্রার্থী নেই।

এই ৪৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে শুধু আওয়ামী লীগেরই প্রার্থী রয়েছে। এগুলো হলো কুষ্টিয়া খোকসার বেতবাড়িয়া, ঝিনাইদহের কালিগঞ্জের জামাল এবং লৌহজঙ্গ উপজেলার বৈলতলী, গাওনদিয়া ও কুমারভোগ ইউনিয়ন। এরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৫৪ জন এবং দ্বিতীয় ধাপে ৩১ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।