মফস্বল ডাক্তারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সুপারিশ


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধিসহ মফস্বল এলাকায় কর্মরত ডাক্তারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিকায়ন, গাইনী ও এনেসথেসিয়া ডাক্তারদের প্রনোদনা দেয়াসহ গোপালগঞ্জে অবস্থিত শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক কার্যক্রম, এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড এর বর্তমান কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

জানানো হয়, গোপালগঞ্জে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে গত ২ ডিসেম্বর ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সৃজন করা হয়েছে। বর্তমানে ৬০ জন চিকিৎসকের মধ্যে ২৩ জন সংযুক্তি হিসেবে কর্মরত রয়েছে।

এছাড়া জরুরী ভিত্তিতে বায়োকেমিষ্ট্রি, ফিজিওলজি, মেডিসিন, কার্ডিওলজি ও সাইকিয়াট্টি বিষয়ে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদায়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের টেন্ডার প্রক্রিয়ার কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সকল পর্যায়ে শুন্যপদসমূহে নিয়োগের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।

মেডিকেল কলেজে বিশেষজ্ঞ ডাক্তারদের পদসংখ্যা বৃদ্ধির বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেককে আহবায়ক ও মজিবুর রহমান ফকির এবং মো: ইউনুস আলী সরকারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ. ফ. ম রুহুল হক, মো: ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ ও সেলিনা বেগম সভায় অংশগ্রহণ করেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।