নিরাপদ খাদ্য নিশ্চিতে প্যাকেটে সহজবোধ্য পুষ্টি লেবেলিং জরুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে প্যাকেটজাত খাদ্যে সহজবোধ্য পুষ্টি লেবেলিং (এফওপিএল) চালু জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে এফওপিএল নীতি জরুরি বলেও জানান তারা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর আয়োজিত ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কারিগরি সহযোগিতায় তরুণদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়।

তরুণদের সম্পৃক্ততায় বাংলাদেশে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার ও প্যাকেটজাত খাবারের পুষ্টি তথ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, রিডিউসিং ডিমান্ড ফর আনহেলদি ফুড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খলিলুর রহমান।

স্বাগত বক্তব্যে যুবদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মোড়কজাত খাবারের প্রতি তরুণদের আগ্রহ ও অসংক্রামক রোগ বাড়ার এই সময়ে এ বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে দেশের প্রেক্ষাপটে এফওপিএলের প্রয়োজনীয়তা, এফওপিএল বিষয়ে বিশ্বের সেরা উদাহরণ ও খাদ্যপণ্যের প্যাকেটে সহজবোধ্য পুষ্টি লেবেলিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় অংশগ্রহণকারী তরুণরা দলগত কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতার সঙ্গে মিল রেখে এফওপিএল বিষয়ে সম্ভাব্য অবদান কী হতে পারে তা চিহ্নিত করেন এবং এর আলোকে আগামী ছয় মাসের কার্যপরিকল্পনা প্রণয়ন করেন।

ওরিয়েন্টেশনের মাধ্যমে একটি সক্রিয় যুব প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার ও নীতিগত পরিবর্তনের দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।