ইউরোপে আরো মার্কিন সৈন্য মোতায়েন


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ৩১ মার্চ ২০১৬

পূর্ব ইউরোপের দেশগুলোতে সেনা উপস্থিতি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

নতুন এই ব্যবস্থায় আরো একটি সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করা হবে। এ নিয়ে ইউরোপে তিনটি নিয়মিত ব্রিগেড থাকবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব শুরু হওয়ার পর ন্যাটোয় এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি। বর্তমানে ইউরোপে আমেরিকার ৬২ হাজার সামরিক কর্মী রয়েছে।

ইউরোপে মার্কিন জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল ফিলিপ ব্রেডলভ বলছেন, আগ্রাসী রাশিয়ার ভূমিকায় আমাদের ন্যাটো সহযোগী এবং বন্ধু দেশগুলোর জন্য আরো নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি। এসব দেশে আরো বেশি আমেরিকান শক্তিশালী সামরিক উপস্থিতি দেখা যাবে বলেও তিনি জানান।

একেকটি ব্রিগেডে ৪২০০ সেনা রয়েছে। তাদের সঙ্গে থাকবে সামরিক যান, সাঁজোয়া যান এবং ভারী অস্ত্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, হঠাৎ উদ্ভূত যেকোনো পরিস্থিতি সামলাতে এই একটি ব্রিগেডই যথেষ্ট। সামরিক মহড়ার জন্যেই সহায়ক হবে এই সেনা উপস্থিতি।

ইউক্রেনের ক্রেইমিয়া অংশটি রাশিয়ার সাথে একীভূত করার পর, পূর্ব ইউরোপের দেশগুলোয় রাশিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই এসব দেশে সামরিক উপস্থিতি জোরদার করছে পশ্চিমা এই সামরিক জোট।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।