সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত আফগান ক্রিকেটাররা


প্রকাশিত: ০৩:০১ পিএম, ০২ এপ্রিল ২০১৬

স্বপ্নের মত একটি টুর্নামেন্ট শেষ করলো আফগানিস্তান। সুপার টেন পর্বে উঠে আসার পর প্রথমে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে চমকে দিয়েছিল যুদ্ধবিদ্ধস্ত দেশটি। এরপর সর্বশেষ ম্যাচে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মত দলকে। তাই তো দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন আফগানিস্তানের ক্রিকেটাররা।

আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানী আফগান ক্রিকেটারদের ‘গাজী মির মসজিদ খান এওয়ার্ড’ প্রদান করেন। দেশের বীর নেতাদেরকেই কেবল এই পুরস্কার দেয় হয়। আফগান ক্রিকেটাররা বীরের মতই বিশ্বকাপের প্রতিটা ম্যাচে লড়াই করেছিল, সুতরাং এ পুরস্কার তাদের প্রাপ্য।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে কাবুল স্টেডিয়ামে হাজার হাজার আফগান ক্রিকেট সমর্থক উপস্থিত হন ক্রিকেটারদের এক নজর দেখতে। সেখানেই ক্রিকেট বোর্ড কর্তৃক সংবর্ধনা এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। এবার প্রেসিডেন্টও পুরস্কার দিয়ে তাদের পরিশ্রমের প্রতিদান দিলেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভবনে সকল ক্রিকেটারদের সংবর্ধনা দেয়ার জন্য ডাকা হয়। অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেছেন, ‘তোমরা শুধু আফগানদের সম্মানই বাড়াওনি, আমাদেরকে নতুন করে আশার আলোও দেখিয়েছো। কঠোর পরিশ্রম করার জন্য দেশবাসী তোমাদের আজীবন মনে রাখবে।’

আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।