গেইলদের ভয়ংকর বললেন ইংলিশ অধিনায়ক


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০২ এপ্রিল ২০১৬

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ শুধু গেইলের উপরই নির্ভরশীল নয়, দলের যে কেউ ভয়ংকর হয়ে উঠতে পারেন। এমনটাই মন্তব্য করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। তার মতে ক্যারিবীয় দলের প্রত্যেক খেলোয়াড়েরই ক্ষমতা রয়েছে ম্যাচ ঘুরিয়ে দেবার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অনেকেই ভেবেছিলেন ভারতের বিপক্ষে জয় পেতে হলে ক্রিস গেইলকে জ্বলে উঠতে হবে। অথচ মাত্র ৫ রান করে ফিরে যাওয়া গেইলকে ছাড়াই দুর্দান্ত একটি ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় তারা। তাই শুধু গেইলকে ভয় পাচ্ছে না ইংল্যান্ড। ক্যারিবীয় দলের সবাইকে সমান গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানান মরগ্যান।

সুপার টেনে ১৮২ রানের বড় লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। গেইলের দানবীয় ইনিংসে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। সে ম্যাচে ৪৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন গেইল। যদিও ওই ম্যাচের পর দুই ইনিংসে মাত্র ৯ রান করেছেন তিনি।

তাই হঠাৎ ফর্ম হারানো গেইলকে নিয়ে ভাবছে না ইংলিশ শিবির। তাদের ভাবনায় রয়েছে পুরো ক্যারিবিয়ান টিম। সেমিফাইনাল ম্যাচে সিমন্স, চার্লস ও রাসেলের জ্বলে ওঠার কথা উদাহরণ হিসাবে টানেন মরগ্যান।

শনিবার এক সংবাদ সম্মেলনে মরগ্যান বলেন, ‘গ্রুপ পর্বে গেইল আমাদের বিপক্ষে ভালো খেলেছে; কিন্তু ম্যাচের আগেও আমি বলেছিলাম তাদের দল শুধু গেইল নির্ভর নয়। এটা খুব গুরুত্বপূর্ণ যখন আপনি একটি ভালো দলকে মোকাবেলা করবেন তখন তাদের একজন দুইজন নয় প্রত্যেককে সমান গুরুত্ব দিবেন। কারণ যে কেউ আপনাকে আঘাত করতে পারে। আমার মনে হয় সেমিফাইনালে ভারতের ম্যাচেই আপনারা তা দেখেছেন।’

উল্লেখ্য, রোববার কোলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে ইংল্যান্ড।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।