ইসির পদত্যাগ করা উচিত : বিএনপি


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৩ এপ্রিল ২০১৬

দুই দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে চলমান সহিংসতা ও ভোট ডাকাতির নির্বাচন বাতিলের দাবি জানিয়ে আবারো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

রোববার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।

তিনি বলেন, ইউপি নির্বাচনে ভোট ডাকাতি ও সন্ত্রাসীদের তাণ্ডব চলেছে। ৭১২টি ইউনিয়নে পুলিশ, নির্বাচনী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীরা ভোট ডাকাতির এ তাণ্ডব চালায়। নির্বাচনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ৪২ জন নিহত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি পরবর্তী ধাপগুলোর ইউপি নির্বাচন বর্জন করবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির থাকা না থাকা নিয়ে আজ রাতে নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বেগম খালেদা জিয়া। আলোচনার পর এ বিষয়ে জানানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালকুদার দুলু প্রমুখ।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।