পল কাপুর-বিএনপি বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও ভবিষ্যৎ নীতিমালা নিয়ে আলোচনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৫ মার্চ ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান/ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর গুলশানে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বৈঠক সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১টা ৫০ মিনিটে।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আব্দুল মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার আসার পর স্বাভাবিকভাবেই তারা আমাদের নীতিমালা, ভবিষ্যৎ কর্মপন্থা এবং পারস্পরিক সম্পর্ক—বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক—নিয়ে আলোচনা করতে এসেছে।

গত সরকারের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি সম্পন্ন হয়েছিল, তা নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, এ বিষয়টি তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে; কী আলোচনা হয়েছে, সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারা আপনাদের জানাবে। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালা।

ড. মঈন খান আরও বলেন, আজকের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিরোধী দলের অবস্থান নিয়ে আমাদের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, এটি হয়তো তারা পৃথকভাবে করেছে।

তিনি যোগ করেন, বিএনপি সরকারের পাশে যুক্তরাষ্ট্র থাকবে কি থাকবে না, সেটি আলোচনার বিষয় নয়। আমাদের মূল বিষয় হলো গণতান্ত্রিক পদ্ধতির প্রতি আমাদের বিশ্বাস, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং এই নীতিগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো।

কেএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।