সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আতিকুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

মোহাম্মদ আতিকুর রহমান ১ সেপ্টেম্বর ১৯৩১ সালে তৎকালীন ব্রিটিশ-ভারতের মুর্শিদাবাদ জেলার খারেরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মোহাম্মদ আতিকুর রহমান ১৯৫৪ সালের ১৩ মার্চ নবম পিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ১৯৮৬ সালের ৩১ আগস্ট থেকে ১৯৯০ সালের ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আতিকুর রহমান মারা গেছেন

মরহুম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমানের নামাজে জানাজা বুধবার বিকেল সোয়া ৪টায় ঢাকা সেনানিবাস সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।

নামাজের জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক সেনাবাহিনী প্রধান, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব পদবির সদস্য উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী সামরিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

টিটি/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।