হ্যান্ডসেট ব্যবসায় ফিরছে নকিয়া


প্রকাশিত: ০৩:২৫ এএম, ০৫ এপ্রিল ২০১৬

আবারো স্মার্টফোন উৎপাদনে ফিরবে নকিয়া। আর তা হতে যাচ্ছে এ বছরের মধ্যেই। ২০১৩ সালে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি হ্যান্ডসেট ব্যবসা বেচে দিয়েছিল মাইক্রোসফটের কাছে। খবর টেক রাডার।

হ্যান্ডসেট ব্যবসা বিক্রি করে দেয়ার পর নকিয়া সব ফোন থেকে নিজের নাম মুছে ফেলেছে। এখন আবার ফোন উতৎপাদনে ফিরবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। নকিয়ার অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ফোনটির নাম হবে ‘নকিয়া এ১’। এ বছরের মাঝামাঝি নাগাদ এ হ্যান্ডসেট উন্মোচনের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না একেবারে।

এর ডিজাইনটি আগের নকিয়া লুমিয়া ফোনের চেয়ে সামান্য ভিন্ন। নেভিগেশনের জন্য সামনের দিকে ক্যাপাসিটিভ কি রয়েছে। সেই সঙ্গে ফিরে আসছে প্লাস্টিক ব্যাক। এটি অ্যান্ড্রয়েড ৬ মার্শমালো সফটওয়্যার দিয়ে চালিত হবে। এছাড়া ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লেটি ১০৮০ পিক্সেলের। সঙ্গে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর। নতুন ফোনের মাধ্যমে মাঝারি মানের বাজার দখলই লক্ষ্য থাকবে নকিয়ার। টেক রাডারের পক্ষ থেকে নকিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হলেও প্রতিষ্ঠান কিছু জানায়নি। তবে সময় হলেই সবাইকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দেয় নকিয়া।

হ্যান্ডসেট শিল্পে বিপ্লব এনেছিল নকিয়া। কিন্তু আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হওয়ায় বাজার হারাতে হয় প্রতিষ্ঠানটিকে। সংকট শুরু হয় ২০০৭ সালে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আইফোন উন্মোচনের পর। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও তাতে সফল হয়নি নকিয়া। সে সময় প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নেয় হ্যান্ডসেট ব্যবসা থেকে সরে আসার।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।