নতুন প্রসেসরে ঝড় তুলবে জেড ৮৯০ প্লাস মাদারবোর্ড
বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট নতুন প্রজন্মের প্রসেসরের জন্য জেড ৮৯০ প্লাস সিরিজের মাদারবোর্ড উন্মোচন করেছে। এই সিরিজটি সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা ২০০০এস প্লাস প্রসেসর সাপোর্টের উপযোগী করে তৈরি করা হয়েছে।
গিগাবাইট জানায়, নতুন সিরিজের উল্লেখযোগ্য মডেলের মধ্যে রয়েছে অরোস এলিট ডুয়ো এক্স এবং জেড ৮৯০এম ফোর্স ডুয়ো এক্স ওয়াইফাই ৭, যা উন্নত সিকিউডিম প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এই ডুয়াল মেমোরি স্লট নকশা উন্নত মেমোরি পারফরম্যান্স, শক্তিশালী সিগন্যাল স্থিতিশীলতা এবং গেমার ও উচ্চক্ষমতা নির্ভর ব্যবহারকারীদের জন্য উন্নত সুবিধা নিশ্চিত করে।
গিগাবাইট জানিয়েছে, প্রতিটি মেমোরি স্লটে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে। ফলে মাত্র দুটি মডিউল ব্যবহার করেই সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট মেমোরি ধারণ করা সম্ভব। উন্নত সার্কিট নকশার কারণে ভারী কাজের সময়ও উচ্চগতির মেমোরি পারফরম্যান্স বজায় থাকে।
আরও পড়ুন:
- লাইনে দাঁড়ানোর দিন শেষ, ঘরে বসেই মিলবে তেলের খবর
- গ্রোকের নতুন নিয়মে বিপাকে ফ্রি ইউজাররা
- এবার চিপ দুনিয়ায় বিপ্লব আনতে যাচ্ছেন মাস্ক
এছাড়া উন্নত বায়োস টিউনিং প্রযুক্তির মাধ্যমে সময় নিয়ন্ত্রণ, সিগন্যাল সমন্বয় এবং ভোল্টেজ ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, যা সামগ্রিক পারফরম্যান্স আরও বাড়াতে সহায়তা করে।
পারফরম্যান্স বৃদ্ধির জন্য এতে বিশেষ দ্রুতগতি মোড যুক্ত করা হয়েছে, যা এক ক্লিকেই প্রসেসর ও মেমোরির সেটিংস উন্নত করতে পারে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির মাধ্যমে সহজেই উচ্চগতির মেমোরি ব্যবহার করা সম্ভব। এই সিরিজের অন্যান্য মডেলগুলোতেও টেকসই নকশা, সহজ সংযোজন সুবিধা, উন্নত সংযোগ ব্যবস্থা এবং দ্রুত সমস্যা সমাধানের সুবিধা রাখা হয়েছে।
গিগাবাইটের দাবি, নতুন এই প্রযুক্তি উচ্চ ক্ষমতা ও দ্রুতগতির মেমোরি ব্যবহারে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং ভবিষ্যতের কম্পিউটার প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেএস/