পুরান ঢাকায় যানচলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ


প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৫ এপ্রিল ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে পুরান ঢাকায় যানচলাচল বন্ধ রয়েছে। ফলে নদীপথে দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতকারীসহ এ রুট দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত চলাচল করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার সকাল ১০টা  থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

জানা গেছে, খালেদা জিয়ার আত্মসমর্পণের সংবাদে সকাল থেকেই আদালত পাড়ায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন। সড়কে অবস্থান নেয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সদরঘাটে লঞ্চ থেকে নেমে উত্তরা যাবেন এমন বৃদ্ধ এক দম্পতির সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, লঞ্চ থেকে নেমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত রিক্সায় আসার পর যখন উত্তরার উদ্দেশ্যে গাড়ি খুঁজছিলেন তখন তাদেরকে আরো সামনে গিয়ে গাড়িতে উঠার পরামর্শ দেয়া হয়।

jam

এরপর মহানগর দায়রা জজ আদালতের সামনে হেঁটে আসার পর পুলিশ তাদেরকে বাধা দিয়ে অন্য পথে যাওয়ার পরামর্শ দেয়। তবে দীর্ঘপথ হাটতে মোটামুটি অক্ষম এ দম্পতি সেখানে বসে কিছুক্ষণ বিশ্রামের পর সিনিয়র এক পুলিশ সদস্যের অনুমতি নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পর হাজারো মানুষের ভীড়ে আটকা পড়েন। পরে কয়েকজন যুবক তাদেরকে রায় সাহেব মোড় পর্যন্ত এগিয়ে দেন।

কেবলমাত্র এ বৃদ্ধ দম্পতি নয়, এ পথ দিয়ে চলাচলকারী সব মানুষকেই সকাল থেকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

দুপুর সোয়া ১টায় এ প্রতিবেদন লেখার সময়ও এ এলাকার সব রুটে নিয়মিত চলাচলকারী  যানবাহন বন্ধ রয়েছে। তখনও বিএনপি প্রধান সিএমএম কোর্টে অবস্থান করছেন।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।