ধর্মমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের হজ মনিটরিং দল গঠন
চলতি বছরের হজ কার্যক্রম তদারকির জন্য ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে চার সদস্যের মনিটরিং দল গঠন করেছে সরকার। এ দল গঠন করে বুধবার (২৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
দলটির অন্য সদস্যরা হলেন—সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) ড. মো. আয়াতুল ইসলাম।
সরকারি নির্দেশনা অনুযায়ী, দলটির তিন সদস্য বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৯ মে বা কাছাকাছি সময়ে সৌদি আরব যাবেন এবং দায়িত্ব পালন শেষে ১৬ জুন বা কাছাকাছি সময়ে দেশে ফিরবেন। অন্যদিকে, আয়াতুল ইসলাম অগ্রবর্তী প্রতিনিধি হিসেবে ১৬ এপ্রিল বা কাছাকাছি সময়ে সৌদি আরব যাবেন এবং ৩০ মে বা কাছাকাছি সময়ে দেশে ফিরবেন।
এ সফরে সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলামের সঙ্গে তাদের স্ত্রী যথাক্রমে রাজিয়া মোরশেদা ও রোমেনা পারভীন সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সরকারি শর্ত অনুযায়ী, এ সফর সরকারি ভ্রমণ হিসেবে গণ্য হবে এবং সদস্যরা নিজ নিজ কর্মস্থল থেকে বেতন-ভাতা গ্রহণ করবেন। মন্ত্রীর ভ্রমণ ব্যয় মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট খাত থেকে এবং অন্য সদস্যদের ব্যয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত বরাদ্দ থেকে বহন করা হবে।
এছাড়া বিমান টিকিট, ভিসা, ইন্সুরেন্স, আবাসন, যাতায়াতসহ অন্যান্য ব্যয় সদস্যদের প্রাপ্য ভাতার মধ্য থেকে সমন্বয় করতে হবে। সফরসঙ্গীদের জন্য জনপ্রতি চার লাখ টাকা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, যা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। অতিরিক্ত ব্যয় হলে তা পরবর্তী সময়ে পরিশোধযোগ্য হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।
আরএমএম/এমকেআর