সব মামলায় খালেদার জামিন : নেতাকর্মীদের বাধভাঙা উল্লাস


প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৫ এপ্রিল ২০১৬

পাঁচ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব মামলায় জামিন পাওয়ায় আদালত চত্বরে অবস্থারত দলের নেতাকর্মীরা বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছেন।মঙ্গলবার দুপুরে পাঁচ মামলায় জামিনের পর সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে।

এর আগে সকালে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার পর যাত্রাবাড়ি থানার নাশকতার মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলায় জামিন পান তিনি। পরে সিএমএম কোর্টে আত্মসমর্পণ করে বাকি তিন মামলা থেকেও জামিন পান খালেদা।

এদিকে, পুলিশি বাধা সত্বেও আদালত এলাকায় অবস্থান নেয়া নেতাকর্মীরা জামিনের সংবাদ শুনে আনন্দে ফেটে পড়েন। তাৎক্ষণিক বিজয় মিছিলও করেছেন অনেকে।

ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সকাল খেকেই কোর্টে অবস্থান নিয়েছেন। সবকটি মামলায় জামিন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি এ প্রতিবেদককে বলেন, মিথ্যা মামলায় হয়রানি করতেই নাটক করছে সরকার।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় অবিচারের জবাব দেশের জনগণ একদিন দেবে বলেও মনে করেন তিনি।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।