নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৮ মার্চ ২০২৬
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছে।

সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের সামনে দুপুর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। বিকেলে এমন পরিস্থিতি তৈরি হয় যে, অনেকেরই দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এ নিয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।

এসময় ভেতরে প্রবেশ করতে না পেরে এক যুবক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই কারণেই কি গুম-খুনের শিকার হয়েছি?’ তখন তার পাশে থাকা এক নারী কর্মী বলেন, ‘আমরা তো মনে হয় এখনো বিরোধী দলে আছি।’

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল

একই ধরনের চিত্র দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমার ফেসবুক লাইভে। সেখানে এক নারী কর্মীকে বলতে শোনা যায়, ‘আমরা কি এখনো বিরোধী দলে আছি? তখনো দাঁড়ানোর জায়গা পেতাম না, এখনো পাচ্ছি না।’

এদিকে, তারেক রহমানের আগমন কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে ব্যারিকেড। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফের ডগ স্কোয়াড ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

কেএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।