রামেকে ৩৩ নবজাতকের মৃত্যু

পরিচালকের দায়িত্বহীনতা গুরুতর, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত: মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৮ মার্চ ২০২৬
দ্য সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন/ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) সংকটের কারণে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ ঘটনায় হাসপাতাল পরিচালকের দায়িত্বহীনতা গুরুতর এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

শনিবার (২৮ মার্চ) দ্য সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘রাজশাহীতে ১১ দিনে ৩৩টি শিশু মারা গেছে। অথচ হাসপাতালের পরিচালক আমাদের জানাননি যে সেখানে নবজাতকের জন্য আইসিইউ নেই। এ ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না।’

‘বিষয়টি নিয়ে জানতে চেয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে গণমাধ্যমের প্রতিবেদনকে অতিরঞ্জিত বলে দাবি করেন। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সঠিক তথ্য জানতে চাওয়া হলে দেওয়া প্রতিবেদনে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অস্বীকার করতে পারেননি,’ যোগ করেন তিনি।

পরিচালকের দায়িত্বহীনতা গুরুতর, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত: মন্ত্রী

গত ২৬ মার্চ গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, রামেক হাসপাতালে এনআইসিইউ সেবার অভাবে অপেক্ষমাণ অবস্থায় ১১ দিনে ৩৩ নবজাতকের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বল্প সময়ে সরকারি অর্থায়নে ভেন্টিলেটর সংগ্রহ করা কঠিন হওয়ায় তিনি ব্যক্তিগত উদ্যোগে তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করেছেন। এছাড়া আজ আরও তিনটি ভেন্টিলেটর কেনা হচ্ছে। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজ রাজশাহী সফরে গিয়ে এসব ভেন্টিলেটর হাসপাতালে হস্তান্তর করবেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

এসইউজে/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।