পাঁচদিন পর শেয়ারবাজারে মূল্যসূচক সংশোধন


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৫ এপ্রিল ২০১৬

টানা পাঁচ কার্যদিবস উত্থানের পর মঙ্গলবার সূচকের দর পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এ দিন সূচকের সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে। পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। টানা কয়েকদিন বাড়ার পর মূল্য সূচকের সংশোধন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক দরপতন ঠেকাতে স্টেক হোল্ডারদের নিয়ে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে জরুরি বৈঠক করে। বৈঠকে পতন ঠেকাতে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে সরকার থেকে বর্তমান শেয়ারবাজারের পরিস্থিত উন্নয়নের নিয়ন্ত্রক সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়। এর পর থেকেই বাজার ঊর্ধ্বমূখী ধারায় ফিরে। তবে কোনো অশ্বাসই বাস্তবায়ন শুরু না হওযায় বিনিয়োগকারীদের মধ্যে আবারও সংশয় দেখা দিচ্ছে। তবে আজকে (মঙ্গলবার) সূচকের পতনকে তারা মূল্য সংশোধন বলে মনে করছেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে চার হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১৭৩ কোটি টাকা কম। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯০ কোট ৩৯ লাখ টাকা।

ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৪২ পয়েন্ট কমে ৮ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট কমে ৯৮৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪২ পয়েন্ট কমে ১২ হাজার ২৬০ পয়েন্টে এবং সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৮২ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪ পয়েন্ট কমে ৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৪১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। টাকার অংকে লেনদেন হয়েছে ২১ কোটি ২৩ লাখ টাকা।

এসআই/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।