আগৈলঝাড়ার ইউএনও`র আপসারণের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ইউএনও দেবী চন্দর অপসারণের দাবিতে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শহীদ আ. রব সেরনিয়বাত ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার, ভাইস চেয়ারম্যান জসীম সরদারকে দিয়ে পরীক্ষার হলে দায়িত্ব পালন ও পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই ইউনও দেবী চন্দর নির্দেশে এইচএসসি পরীক্ষার্থীদের খাতা
নিয়ে যাওয়া হয়।

এর প্রতিবাদে দুপুরে পরীক্ষা শেষে উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউএনও দেবী চন্দর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় পরীক্ষার্থী ও
শিক্ষার্থীরা। এসময় পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা কলেজের প্রধান গেটে প্রতিবাদ সভা করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি বরুন কুমার বাড়ৈ, কলেজের ভিপি রাজীব ঘটক, জিএস মাহিবুল মান্নান সজিব ও এজিএস ইমরান হোসেন প্রমুখ।

barisal-pic

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও দেবী চন্দকে অপসারণ করা না হলে আগামী রোববারের পরীক্ষায় বর্জন করবেন বলে হুঁশিয়ারি দেন।

পরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শুক্রবার জরুরি সভা ডেকে স্থানীয় সংসদ সদস্য ও কলেজ এডহক কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে আলোচনা সাপেক্ষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে শান্ত করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ জানান, আমার বিরুদ্ধে কেন পরীক্ষার্থীরা মিছিল করেছে তা ওরাই ভালো জানে। আমি সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।