হালনাগাদ কার্যক্রম
চট্টগ্রামে ভোটার হতে আবেদন করেছেন ২ লাখ ৫৬ হাজার জন
চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ফরম পূরণ করেছেন ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন। গত ১৩ দিনে তথ্য সংগ্রহকারীরা তাদের তথ্য সংগ্রহ করেন। এর মধ্যে নগরীর ৪১ ওয়ার্ডে ৩৩ হাজার ৫৭৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করা হয়েছে। একই সঙ্গে জেলার ১৫ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ৩৬০ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। অনুপস্থিত ভোটারের সংখ্যা (ভোটার হওয়ার যোগ্য, নাম লিপিবদ্ধ করে অনুপস্থিতির কারণে ভোটার হতে পারেননি) ৩১ হাজার ৩৬৮ জন।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম জেলা ও মহানগরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নতুন ভোটার তথ্য সংগ্রহের পাশাপাশি ভোটার লিস্ট থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটার কর্তন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল। তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে গত ৩ ফেব্রুয়ারি। যেসব নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের ধাপে ধাপে এলাকাভিত্তিক আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) করা হবে।
নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় ৩ হাজার ৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ করছেন।
হালনাগাদ তথ্য সংগ্রহকালে নতুন ভোটারের জন্য সবচেয়ে বেশি ফরম পূরণ হয়েছে বাঁশখালী উপজেলায়। বাঁশখালীতে নতুন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছে ২২ হাজার ৯৬৬ জন, এর পর লোহাগাড়া উপজেলায় ২১ হাজার ২৩৯ জন, আনোয়ারায় ২০ হাজার ২০৬ জন, হাটহাজারীতে ১৯ হাজার ৩৬২ জন, বোয়ালখালীতে ১৮ হাজার ৫২৪ জন, সীতাকুণ্ডে ১৮ হাজার ১৩ জন। সাতকানিয়ায় ১৪৯৮৫ জন, সন্দ্বীপে ১০৮০৩ জন, রাউজানে ৯৯২১ জন, রাঙ্গুনিয়ায় ১৪৭৭৯ জন, মীরসরাইয়ে ১২৭৮১ জন, ফটিকছড়িতে ১০৪৫২ জন, পটিয়ায় ১৫০৮০ জন, চন্দনাইশে ৯৮৩২ জন, কর্ণফুলীতে ৪৪১৭ জন।
চট্টগ্রাম মহানগরীর মধ্যে পাঁচলাইশ জোনে নতুন ভোটারের তথ্য ফরম পূরণ করেছে ৫১২৭ জন, চান্দগাঁও জোনে ৬৪২৬ জন, কোতোয়ালি জোনে ৩৬৭৩ জন, ডবলমুরিং জোনে ৮৮৪৭ জন, পাহাড়তলী জোনে ৫১৫৭ জন, বন্দর জোনে নতুন ভোটারের তথ্য ফরম পূরণ করেছে ৪৩৪৫ জন।
চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৫ লাখ ৩১ হাজার ৬১৮ জন। এর মধ্যে মহানগরীতে ১৯ লাখ ৭৯ হাজার ২৪৮ জন। জেলার ১৫ উপজেলায় ভোটার সংখ্যা ৪৫ লাখ ৫২ হাজার ৩৭০ জন।
এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম