নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, আমাদের দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। জামায়াত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক।

তিনি বলেন, আমাদের ইশতেহারে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে।

জামায়াত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার পক্ষে দল সুস্পষ্ট অবস্থান নিয়েছে।

আরও পড়ুন:
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক, দলের নিন্দা
কী ছিল জামায়াত আমিরের হ্যাক হওয়া স্ট্যাটাসে 

তিনি দাবি করেন, এসব অবস্থান নতুন নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তিনি বলেন, আমাদের রেকর্ড, নীতি ও ইশতেহারের ভিত্তিতেই জামায়াত ইসলামীকে বিচার করা উচিত, মিথ্যা বয়ানের মাধ্যমে নয়।

এসময় আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ইশতেহারে আমাদের সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয় আর সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করছে।

আরএএস/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।