ঈদের নতুন পোশাক পেলো পথশিশু ও ছিন্নমূলরা
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে রাজধানীর উত্তরায় ‘পথশিশুদের ঈদ আনন্দ’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির আওতায় পথশিশু ও ছিন্নমূল মানুষদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।
রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় উত্তরার রাজলক্ষ্মী মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সব সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু সৎলোকের শাসনের অভাবে এসব প্রান্তিক জনগোষ্ঠী রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। মূলত, সাধারণ মানুষের কল্যাণ এবং ঈদকে উপভোগ্য ও আনন্দঘন করে তোলার জন্য রাষ্ট্রের কর্মসূচি থাকা দরকার। সব শ্রেণির মানুষ যাতে সমানভাবে ঈদের আনন্দকে নিজেদের জন্য ভাগাভাগী করতে পারে সেজন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব সরকারের।
তিনি বলেন, ঈদকে আনন্দঘন করাসহ সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার বিকল্প নেই। আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তির জন্য ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বছর ঘুরে আবারও ফিরে আসছে পবিত্র ঈদুল ফিতর। সর্বসাধারণের জন্য ঈদকে আনন্দঘন করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমাদের দেশে এখনো কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়ায় এ দায়িত্ব এখন সমাজের সক্ষম, বিদ্যবান ও আত্মসচেতন মানুষের ওপর। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কাউকে ঈদ আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না।
জামায়াতের উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ও কামরুল হাসানের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা জামায়াতের সেক্রেটারি বদিউজ্জামাল বকুল, জামায়াত নেতা আনোয়ার হোসাইন মোল্লা, ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।
আরএএস/এমএমকে