জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান সেলিমা রহমানের
নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য লজ্জাজনক উল্লেখ করে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সেলিমা রহমান বলেন, জামায়াতের আমির একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়েও নারীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা লজ্জাজনক। এই দেশের মাটি যেমন পবিত্র, মা-ও তেমনি পবিত্র। মায়েদের সম্মান দিতে হবে। নারীদের বাইরে আসতে কেন বাধা দেওয়া হবে?
আরও পড়ুন
নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির
কী ছিল জামায়াত আমিরের হ্যাক হওয়া স্ট্যাটাসে
তিনি বলেন, নারীরা এ দেশের সম্পদ। ভোটের রাজনীতিতে নারীদের নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে। সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে। তিনি বলেন, নারীরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ না করলে এ ধরনের মন্তব্য বারবার আসবে। এ সময় তিনি জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, প্রচার সম্পাদক তাহমিনা আফরিন নীতাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
কেএইচ/ইএ