নজরুল ইসলাম
সরকারদলীয় এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ দ্রুত নিতে হবে
সরকারি দলের সংসদ সদস্যদের (এমপি) দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আজ থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্যদের দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়। এর ধারাবাহিকতায় ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। ২০২৪ সালের আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গঠন এবং বিদ্যমান সংবিধানের সংস্কার। তাই দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ২০২৪ সালে দেশ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে। গত ১৭ বছর দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে বলে মন্তব্য করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মুমিনুল হকের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ ও দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুজাহিদুল ইসলাম, ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পি, সময় টিভির সিনিয়র রিপোর্টার শহিদুর রহমান এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের বায়তুলমাল সম্পাদক খালেদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক জাহিদুল আলম জয়, মহানগর উত্তরের অর্থ সম্পাদক গোলাম আযম, অফিস সম্পাদক আরফাত হোসেন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক রাকিব হাসানসহ অন্যান্য নেতারা।
এমআরএএইচ/এএমএ