নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: সপ্তাহব্যাপী বই বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৬ মার্চ ২০২৬
ফাইল ছবি

নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার নানা অবদান জনসাধারণের সামনে তুলে ধরতে সপ্তাহব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি আইনজীবী সাহিদুর রহমান সাহিদ ও সাংবাদিক শাহেদ শফিক। এর জন্য প্রাথমিকভাবে রংপুর বিভাগকে বেছে নেওয়া হয়েছে।

আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে। পর্যায়ক্রমে লন্ডনসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির মধ্যে প্রাথমিকভাবে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, মাদরাসা, লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক শাহেদ শফিকের লেখা ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: বৈশ্বিক অনুপ্রেরণার মডেল’ বইটি বিতরণ করা হবে।

বইটিতে নারী শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের স্বচিত্র তথ্য তুলে ধরা হয়েছে। ৪ বছরের বেশি সময় ধরে অনুসন্ধান করে বইটি লিখেছেন তিনি। গত বছরের নভেম্বর মাসে বইটি প্রকাশ করে জিনিয়াস পাবলিকেশন্স।

ব্যতিক্রমী এ উদ্যোগের বিষয়ে আইনজীবী সাহেদুর রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষার জন্য অনেক কাজ করেছেন। দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকার তার অবদানগুলো মুছে ফেলার চেষ্টা করেছে। তরুণ প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। সে জন্যই আমরা উদ্যোগটি নিয়েছি।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা সাংবাদিক শাহেদ শফিকের বইটি আমি পড়েছি। এতে নারী শিক্ষায় তাঁর যে অবদান রয়েছে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। সে কারণে আমি মনে করি বইটি সাধারণ মানুষের মাছে পৌঁছে দেওয়া উচিত। সে জন্যই ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি। আশা করি পর্যায়ক্রমে সারাদেশের মানুষের মধ্যে বেগম খালেদা জিয়ার এসব অবদান পৌঁছে দিতে পারবো।’

বইয়ের লেখক শাহেদ শফিক বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, পত্রপত্রিকা ও নিজস্ব সোর্স থেকে তথ্যানুসন্ধান করে বইটি লিখেছি। বেগম খালেদা জিয়া নারী শিক্ষা সম্প্রসারণে যেসব উদ্যোগ গ্রহণ করেছিলেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ বেগম জিয়ার সেসব উদ্যোগকে মডেল হিসেবে নিজ দেশে বাস্তবায়ন করেছে।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।