অধ্যাদেশ বাতিল

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান নাহিদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
সৌদি আরব থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম/ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের করা নানা অধ্যাদেশ বিএনপি সরকার বাতিলের উদ্যোগ নেওয়ায় এর প্রতিবাদে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য সাবেক উপদেষ্টাদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আমি ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের দায়িত্ব নিতে হবে। তারা যে এই অধ্যাদেশগুলো করেছিলেন, কেন করেছিলেন, এখন সেগুলো বাতিল করা হচ্ছে- এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। ড. মুহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে।’

সৌদি আরবে ওমরাহ করে শনিবার (৪ এপ্রিল) দুপুরে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘তারা (উপদেষ্টারা) অধ্যাদেশ করে চলে গেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে চলে গেছেন। এখন অধ্যাদেশগুলো বাতিল হবে, সংস্কার হবে না, তারা কথা বলবেন না, যার যার ক্যারিয়ারে ফিরে যাবেন, এটা হবে না। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড় করাতে হবে।’

‘মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছেন। কিন্তু যতটুকু অর্জন সে সময় হয়েছে, সেটুকু ধরে রাখার জন্য তাদের মাঠে নামতে হবে,’ যোগ করেন তিনি।

এনএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।