প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের চন্দনাইশে কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চট্টগ্রামের চন্দনাইশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাঁনহাট গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা মিছিলে ঝাড়ু ও জুতা নিয়ে চন্দনাইশ উপজেলার গাজবাড়িয়া ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা অলি আহমদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টারে লাল ক্রস চিহ্ন দিয়ে প্রতিবাদ জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম হাশেম রাজু বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিকৃতি এবং ‘ওয়ান/ইলেভেন’র ঘটনাপ্রবাহে সংশ্লিষ্টতার কারণে কর্নেল (অব.) অলি আহমদকে চন্দনাইশ ও সাতকানিয়ার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

jagonews24

তিনি আরও বলেন, আনোয়ারা ও পটিয়া হয়ে চন্দনাইশে প্রবেশের সব পথ অলি আহমদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতার ইতিহাস রক্ষায় এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান বর্তমান বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন এবং দেশনেতা। তার বিরুদ্ধে কোনো কটূক্তি বরদাশত করা হবে না। তারা অলি আহমদকে ‘নব্য রাজাকার’ ও ‘ইতিহাস বিকৃতিকারী’ হিসেবে আখ্যায়িত করেন এবং তার বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান।

সমাবেশে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অলি আহমদ রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। কিছু নেতাকর্মী তাকে চন্দনাইশের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকিও দেন। মিছিলে চন্দনাইশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজুল ইসলাম সওদাগর, আব্দুল মাবুদ মাহবুব, বিএনপি নেতা মুর্শিদুল আলম মুন্না, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, সেকান্দার বাদশা, আরিফুল ইসলাম মারুফ ও সাবেক ভিপি আব্দুর রউফসহ স্থানীয় নেতারা।

এমআরএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।