সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
গুলশানের এক রেস্তোরাঁয় প্যানেল আলোচনায় বক্তব্য দেন জামায়াত নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ছবি: জাগো নিউজ

জাতীয় সংসদে প্রাপ্ত সংরক্ষিত নারী আসনগুলোতে জামায়াতে ইসলামীর লিজেন্ডদের আনা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, আমাদের দলে ৪০ শতাংশের ওপরে নারী। অর্থাৎ, প্রতি এক লাখে রোকনের মধ্যে ৪০ হাজারের বেশি নারী। সমানভাবে নারীরা জামায়াতের সব জায়গায় আছে। যারা সমালোচনা করেন, তারা এখন প্রশ্ন করেন, তাহলে কেন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের মনোনয়ন দিলেন না? গত ১৫ বছর আমরাই তো ঘরে থাকতে পারিনি, আমিও বিদেশে পালিয়ে বেড়িয়েছে। ফলে সে সুযোগটা আমরা পাইনি। লোকাল নির্বাচনে আমরা আগে দিয়েছি, আগামীতে জাতীয় নির্বাচনেও দেবো।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রশ্নোত্তরপর্বে এ কথা বলেন তিনি।

সাইফুল আলম খান মিলন বলেন, সামনে আমাদের মেয়েরা আসবে, ভালোভাবে আসবে। খুব শিগগির সংসদে আমাদের লিজেন্ড সিস্টাররা আসবে, অপেক্ষা করেন একটু। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে, সেটা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল, সবখানে আমরা নারীদের পাঠাচ্ছি। সে পর্যন্ত বদনামের যে ঘানি, সেটা আমাদের টানতেই হবে, তাতে অসুবিধাও নেই। তবে কাজের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো, আমাদের মেয়েরা পিছিয়ে নেই।

হাদিসের একটি উদ্ধৃতি দিয়ে জামায়াতের এ সংসদ সদস্য বলেন, ‌মহানবি (সা.) বলেছেন যে, জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ। এখানে তিনি কোনো ছেলে-মেয়ের পার্থক্য করেননি। সেজন্য আমরা মনে করি, সবক্ষেত্রেই আমরা নারী-পুরুষদের সমানভাবে এগিয়ে নিতে কাজ করতে পারি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্যানেল আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা।

সাতটি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুালিটি অ্যান্ড জাস্টিস ‌সমতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন সরকারের প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সংস্থাগুলো হলো- মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, ওয়াটার এইড বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অক্সফাম ইন বাংলাদেশ।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।