বাসাবাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
বিএনপির লোগো/ফাইল ছবি

বাসাবাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে এই বক্তব্য ছড়ানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে এমন খবরকে ভুয়া বলে দাবি করা হয়েছে।

দলটি বলছে, রুহুল কবির রিজভী এ ধরনের কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (৪ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুচক্রী একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইনমাধ্যম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া এই বক্তব্য প্রচার করছে। এতে বলা হয়, ‘বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের এ ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

কেএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।