আপনারা ফ্যাসিবাদের নিন্দিত পথের দিকেই হাঁটছেন, সরকারকে গোলাম পরওয়ার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার/ ফাইল ছবি

সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা গিয়েছিল। আপনাদের  যাত্রা দেখে মনে হয় অপরিণামদর্শী পথে আপনারা রওয়ানা করেছেন। সময় থাকতে ফিরে আসুন।

তিনি বলেন, এখনো পাঁচ বছরের এক-দেড় মাস পার হয়নি। জাতির মুখোমুখি হবেন না। জনআকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে ১১ দলের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে লিফলেট বিতরণ করে ১১ দল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে বিপুল সংখ্যক মানুষ জুলাই সনদের সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন দল সেই রায় বাস্তবায়নে বিলম্ব করছে, যা একটি রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। এই সংকটের দায় সরকারেরই এবং তাদেরই তা সমাধান করতে হবে।

প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পর এখন সেই রায় অস্বীকার করার সুযোগ নেই। জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন
আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল, সংসদে জামায়াত আমির 
সকালেই এজেন্টদের থেকে জোর করে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়েছে: জামায়াত 

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, আজকের উপনির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল ও সহিংসতার ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করতে রাজধানীসহ সারাদেশে জনগণকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন,  ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এ সময়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ব্যাপকভাবে লিফলেট বিতরণ করে জনমত গঠন করা হবে।  

পাশাপাশি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১১ এপ্রিল রাজধানী ছাড়া দেশের সব মহানগরে এবং ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৩ এপ্রিল ঢাকায় একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে খ্যাতনামা বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা বক্তব্য রাখবেন। এছাড়া জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় কর্মসূচিও আয়োজন করা হবে।

এফএআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।