চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম নগরের সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের বাসায় গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও অবরোধের মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। পরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে তিনি স্থান ত্যাগ করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দুটি গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়রের বাসায় পৌঁছালে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বাড়ির মূল ফটক ঘিরে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুটি গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়রের বাসায় পৌঁছালে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়ে। এর পরপরই সেখানে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা বাড়ির মূল ফটক ঘিরে বিক্ষোভ শুরু করেন এবং হাসনাত আবদুল্লাহকে অবরুদ্ধ করে রাখেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে বিভিন্ন প্রশ্ন তোলেন। তারা জানতে চান, কেন তিনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন, পরীক্ষিত দোসরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য কী, এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় তার উপস্থিতির কারণ কী। একই সঙ্গে তারা স্লোগান দিতে থাকেন, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসনাত আবদুল্লাহ বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং পুলিশের উপস্থিতিতে স্থান ত্যাগ করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, এম মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১০ সালের সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে তিনি মেয়র নির্বাচিত হন এবং পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও দেখা যায়।

এমআরএএইচ/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।