জিয়াউর রহমানের কবরে জিয়া শিশু কিশোর মেলার শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতারা।

সোমবার (২৭ এপ্রিল) সংগঠনের নেতারা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সাবেক সভাপতি এম এ মালেক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক করেছিলেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ তার নির্দেশনায় চালু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল হবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-সংগীতবিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্র বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহ-দপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।