নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০১ মে ২০২৬
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

এর আগে, বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ তৈরি এবং পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের জনপ্রিয় নেতা তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাই এই আয়োজন আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। আমরা আশা করছি, এবারের মে দিবসের সমাবেশে স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এতে অংশ নিচ্ছেন।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

বিএনপি কার্যালয়ের সামনে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ, যেখানে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।

দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম তিনি শ্রমিক সমাবেশে অংশ নিচ্ছেন।

সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই লাল টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে অংশ নেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।

সকালে প্রবল বর্ষণে নয়াপল্টন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দুপুরের আগেই পানি নেমে যায়।

কেএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।