পদ-পদবী নয়, জনগণের সেবাই প্রকৃত রাজনীতি: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৮ মে ২০২৬
বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পদ-পদবী বড় বিষয় নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের পাশে থাকাই প্রকৃত রাজনীতি।

তিনি বলেন, আমরা শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে রাজনীতি করি। এই দলকে ভালোবেসেই আমরা রাজপথে থেকেছি।

শুক্রবার (৮ মে) নগরের লাভ লেইনের স্বরনিকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

মহানগর বিএনপির সাবেক এ সভাপতি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, হতাশা মানুষকে দুর্বল করে দেয়। দল ক্ষমতায় এসেছে মাত্র দুই মাস হয়েছে, তাই ধৈর্য ধরতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু সুবিধাবাদী ব্যক্তি স্বার্থের জন্য দল পরিবর্তনের চেষ্টা করে। এ ধরনের লোকজন থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মেয়র বলেন, যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দিতে হবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, নগরের খাল-নালা সংস্কার ও পরিষ্কার কার্যক্রমের কারণে সাময়িক ভোগান্তি হলেও আগামী ছয় মাসের মধ্যে এর সুফল পাওয়া যাবে। তাঁর দাবি, এবার নগরের ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা কমে যাবে।

সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারে না। তবে দলের নাম ব্যবহার করে একটি মহল অপকর্মে জড়ানোর চেষ্টা করছে। তিনি এসব কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রাখতে হবে। প্রবাসীদের জমিতে জোরপূর্বক নির্মাণসামগ্রী সরবরাহের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিমসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এমআরএএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।