খালেদা এখন কুইন অব টেররিজম : সুরঞ্জিত
আ`লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,খালেদা জিয়া এখন জাতীয়তাবাদী নেত্রী থেকে ’কুইন অব টেররিজমে’ পরিণত হয়েছেন। তার সঙ্গে এখন আর তার নেতারা নেই। শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন।
সাবেক এ মন্ত্রী বলেন, খালেদা জিয়া বিএনপিকে সন্ত্রাসী দলে পরিণত করেছেন। তাকে আইনের শাসনের মোকাবেলা করতে হবে। সরকারকে সন্ত্রাস নির্মল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে মানুষের জান মাল রক্ষা করতে হবে। এ ব্যাপারে অন্য কোনো অজুহাত দেয়ার কোনো সুযোগ নেই। সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে। দেশ স্বাভাবিক হতে আরো সাতদিন লাগবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ উপস্থিত ছিলেন।
-এএইচ