রাজনীতিকদের চিকিৎসা জরুরি : এরশাদ
বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিকরা অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাদের চিকিৎসা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাজধানীর ভাটারার নতুনবাজারে এক শান্তি সমাবেশে তিনি একথা বলেন। জাতীয় পার্টির ঢাকা মহানগর (উত্তর) কতৃক সমাবেশটি আয়ােজন করা হয়।
এরশাদ বলেন, বাংলাদেশের রাজনীতি এক অসুস্থ রাজনীতি। রাজনীতিকরাও অসুস্থ, তাদের চিকিৎসা জরুরি। সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।
সাবেক এ প্রেসিডেন্ট আরও বলেন, সরকার শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। সরকারের প্রতিনিধিরা সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, সহিংসতাকারীদের গালি দিচ্ছে। অথচ ক্ষতিগ্রস্থ মানুষের আর্তনাদ তাদের স্পর্শ করছে না। তাদের একটাই লক্ষ ক্ষমতায় টিকে থাকা।
দেশ এখন দুর্যোগপূর্ণ অবস্থা থেকে মানুষ এখন বাঁচতে চায়। দুই দলের অপ রাজনীতির হাত থেকে মানুষকে বাঁচাতে হবে।
জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়শল চিশতীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এমএ হান্নান এমপি, সুনীল শুভরায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, যুগ্ম-মহাসচিব বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার, শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদার, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান, জাপার কেন্দ্রীয় নেতা তারেক এ আদেল প্রমুখ।
এএইচ