সহিংস রাজনীতি পরিহার করুন : বিএনপিকে হাছান


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

ছেলে হারানোর বেদনা অনুধাবন করে সহিংস রাজনীতি পরিহার করার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

বেগম খালেদা জিয়ার উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, আপনি দেশনেত্রী নন, আপনি সন্ত্রাস ও ভীতির নেত্রী। তবে, আপনার সন্তান হারানোয় আমরা শোকাহত। আপনি সন্তান হারানোর ব্যথা ও কষ্ট অনুধাবন করে পেট্রলবোমার সহিংস রাজনীতি পরিহার করুন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা ও দাফনের বিষয়ে সকল সহযোগিতা করেছে। কোকোর জানাজার নামে বিএনপি-জামায়াত দেশে কোন ধরনের নাশকতা সৃষ্টির পাঁয়তারা করলে তাদের রাজনীতির কবর রচিত হবে।

সংলাপ ও জাতীয় নির্বাচন সম্পকে হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের স্নেহ নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া দরজা খুললেন না। যে দলের অফিসের সামনে যাওয়ার পরও দরজা খোলা হয় না- তাদের সাথে কোন সংলাপ হতে পারে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে এডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশের যেখানে অরাজকতা হবে, সেখানেই বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করা উচিত। বর্তমানে সারা দেশে যে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালিত হচ্ছে তার অর্থের যোগান দিচ্ছে বিএনপির বিত্তশালী নেতারা। তাদের বিরুদ্ধেও অর্থের যোগানদাতা হিসেবে মামলা হওয়া দরকার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, কৃষকলীগ নেতা এম এ করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।