গুলশান কার্যালয়ে লেখক ফোরাম নেতাদের প্রবেশে বাধা


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এসেছেন জাতীয়তাবাদী লেখক ফোরামের ৫জন লেখক, কবি ও সাহিত্যিক। তবে কার্যালয়ের পকেট গেটের সামনে অবস্থানরত ডিবি তাদেরকে প্রবেশ করতে দেয়নি।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসা ছড়াকার আবু সালেহের নেতৃত্বে জাতীয়তাবাদী লেখক ফোরামের অন্যরা হলেন- কবি কামরুল হাসান, কবি কাজী ফারুক আহমেদ, কবি আবু যুবায়ের, কবি আসাদ কাজল।

সরেজমিনে দেখা গেছে, রোববার বিকাল ৫টা ১৫ মিনিটে তারা গুলশান কার্যালয়ে এসে ভেতরে প্রবেশের অনুমতি চান। তবে সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কার্যালয়ে প্রবেশের অনুমতি পাননি।

চেয়ারপারসনের সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত সিএসএফ সদস্যরা জানান, কার্যালয়ের পকেট গেটের সামনে অবস্থানরত ডিবি অনুমতি দিলে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে ডিবির দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা জানান, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেলে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন।

এদিকে সন্ধ্যা ৬টায় পবিত্র কোরান তেলাওয়াত করতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন পাঁচজন কোরানে হাফেজ।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।