দুর্নীতি নিয়ে শামস মাহমুদ
হজের টাকা চুরি করলেও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রধান অতিথি করা হয়
দেশে দুর্নীতির গভীরতার চিত্র তুলে ধরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ বলেছেন, আমরা সবসময় দুর্নীতি বিষয়ে কথা বলি। কিন্তু এটি আমাদের এত গভীরে ঢুকে গেছে যে, ধরেন আমি হজের টাকা চুরি করলাম, দেখবেন আমাকে তারপর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রধান অতিথি করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, এই মৌলিক জায়গায় সমাধান করতে না পারলে আমরা পরিবর্তন আনতে পারবো না।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের দ্বিতীয় সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন।
‘অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান’ বিষয়ে সেশনটি আয়োজিত হয়।
শামস মাহমুদ বলেন, বেসরকারি খাতে ঋণ বিগত কয়েক বছর ধরে কমছে। কারণ, সরকার যে বাজেট করে তার একটি বড় অংশ সে ব্যাকিং খাত থেকে নেয়। ফলে একই জায়গায় যদি সরকার ঋণ চায় এবং আমিও চাই, তাহলে স্বাভাবিকভাবেই ব্যাংক সরকারকে ঋণ দেবে। ফলে যারা ক্ষুদ্রঋণ নেয়, তাদের পথ একদম বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, আমাদের জুলাই অভ্যুত্থানের একটি বড় পার্ট ছিল চাকরি তৈরি। এখন যদি ব্যবসাগুলো ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা কীভাবে চাকরি তৈরি করবো।
আলোচনায় আরও অংশ নেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ, বিডিজবস-এর সিইও ফাহিম মাসরুর ও চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট আসিফ খান।
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সভাপতিত্বে সেশন পরিচালনা করেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। এ সেশনে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এনএস/এমকেআর