আওয়ামী লীগ এখন জঙ্গিবাদের ফেরিওয়ালা : সালাহ উদ্দিন


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৫ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া ব্যবসায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন জঙ্গিবাদের ফেরিওয়ালা সেজেছে। আন্তর্জাতিক মহলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে জঙ্গিবাদের দোসর সাব্যস্ত করার জন্য বিএনপিকে আইএস, আল কায়দা, তালেবান, বোকোহারাম, আন্ডারগ্রাউন্ড পার্টি ইত্যাদির সঙ্গে তুলনা করার কোরাশ গাওয়া অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী ও তার নেতা-মন্ত্রীরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নিয়ে এখন দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারের ভয় দেখাচ্ছেন। বিরোধী দল ও ভিন্নমতকে দলনের হাতিয়ারে পরিণত করে সরকার পুরো বিচারব্যবস্থাকে জনগণের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কার্যত সমগ্র রাষ্ট্রযন্ত্রকেই সরকার জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।

বিবৃতিতে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিসহ সব গণদাবি মেনে না নিলে ৮ মার্চ রোববার থেকে দেশব্যাপী হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি চলমান ‘শান্তিপূর্ণ অবরোধ’ অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।