আ’লীগের পথে হাঁটলে বিএনপিকেও একই পরিণতি ভোগ করতে হবে: মু. শাহজাহান 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:১১ এএম, ২৮ এপ্রিল ২০২৬
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান/ছবি: জাগো নিউজ

আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী শাসনের’ পথ অনুসরণ করলে বিএনপিকেও একই ধরনের রাজনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নগরের বিআইএ মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করে।

মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, গণভোট কিংবা জনমতের প্রতিফলন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।

তিনি বলেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এ নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র ও যুবরাজনীতির নামে সহিংসতা বেড়ে চলেছে। হামলা, দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বদরুল হক।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সমাবেশে নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআরএএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।