খালেদার ডাকেও সাড়া নেই!


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৫ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপার বেগম খালেদা জিয়ার ডাকে চাঙ্গা হয়নি ২০ দলীয় জোটের আন্দোলন। সাড়া মেলেনি নেতাকর্মীদের। চলমান আন্দোলনকে চাঙ্গা করতে শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করলে তাতে কোনো ফল মেলেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপি নেতা খালেদা জিয়া শুক্রবার সংবাদ সম্মেলন করার পর রোববার হরতালের প্রথম দিনে দেশের কোথাও কোনো কর্মসূচি সফলের খবর পাওয়া যায়নি।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ২০ দলীয় জোটের টানা অবরোধের মাঝে বিএনপি চেয়ারপারসন নিজে কর্মসূচি অব্যহত রাখার ঘোষণা দিলেও তার কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। বরাবরের মতো রোববারও রাজধানী ছিল অনেকটাই স্বাভাবিক। ঢাকার সঙ্গে ঢাকার বাহিরে যোগাযোগও ছিল একই রকম।

দুপুরে রাজধানীর ফার্মগেট, মহাখালী, মগবাজার, কাকরাইল, মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, ঘন্ণ্টার পর ঘণ্টা জ্যামে আটকা পড়ে থাকে শত শত যানবাহন। তবে দুপুরে শুধু নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনার খবর পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে পল্টন এলাকার ব্যবসায়ী মাহবুবুল হক জানান, রাজধানীতে ঘুরলে কি মনে হয় দেশে কোনো কর্মসূচি চলছে। তার মতে, বাস্তবতার কঠিন সংগ্রামে বর্তমানে মানুষ অনেক বেশি সংগ্রাম করতে অভ্যস্থ হয়ে গেছে। তাই সরকারের হার্ড লাইনে থাকা বা বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যাথা নেই। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সংগ্রামে সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।

এদিকে, শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নিষ্ক্রিয়দের সক্রিয় হওয়ার আহ্বান জানালেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ধারণা, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিএনপির কর্মসূচিতে অনেক নেতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে জেলে রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে রাজপথে সক্রিয় হতে সাহস পাচ্ছে না নেতাকর্মীরা।

তবে মাঠে নেতাকর্মীদের দেখা না মিললেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আন্দোলনকে পজেটিভ মনে করছেন। তিনি জাগো নিউজকে জানান, খালেদা জিয়ার আহ্বানে মানুষ সাড়া দিয়েছে।

এমএম/এএইচ/পিআর/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।