পাকিস্তানি মানসিকতার লোকের সাথে ঐক্য হতে পারে না
পাকিস্তানি মানসিকতা সম্পন্ন লোকের সাথে জাতীয় ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান। রোববার মন্ত্রী তোপথানা রোডের বিএমএ মিলনায়তনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় নৌ পরিবহন মন্ত্রী বেগম খালেদা জিয়ার চরম শাস্তির দাবি করে বলেন, বেগম জিয়া কি বার্ন ইউনিটে আহতদের কান্নার রোল শুনতে পান না। বার্ন ইউনিটে সাধারণ মানুষ পেট্রল বোমার আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তিনি বলেন, পরিবহনের শ্রমিকরা জীবনবাজী রেখে গাড়ি চালাচ্ছে আর রাস্তায় দাঁড়িয়ে থেকে মালিকরা পেট্রল বোমায় তাদের কোটি টাকার সম্পদ পুড়তে দেখছে।
শাজাহান খান বলেন, বিভিন্ন জায়গায় বোমাবাজদের ধরিয়ে দেয়া হচ্ছে। এ কাজ শুধু আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা বা পেশাজীবীদের নয় এ কাজ সব মানুষের।
এরআগে সভায় পেট্রল বোমায় নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয় এবং সভা থেকে আগামী কর্মসূচি ঘোষণা করা হয়।
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কর্মসূচির মধ্যে রয়েছে- ১৮ মার্চ সকাল ১০টায় লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়, একইদিন বিকেল ৩টায় রাধাপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশ।
১৯ মার্চ খুলনা, সাতক্ষীরা, বাগের হাটজেলায় সমন্বয় পরিষদের সাথে মতবিনিমিয়, একইদিন যশোর-নড়াইল-মাগুরা-ঝিনাদহে জেলা শ্রমিক কর্মচারীদের সাথে মতবিনিময়।
২৬ মার্চ প্রতিটি জেলার শহীদ মিনারে শপথ গ্রহণ ও জাতীয় সঙ্গীত পরিবেশন ও ৫ এপ্রিল মানিক মিয়া এভিনিউতে গণ পদযাত্রা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, শিরীন আখতার, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, শ্রমিক নেতা এ জেড এম কামরুল আনাম প্রমুখ।
আরএস/আরআই