মান্নাকে নির্যাতন করা হচ্ছে অভিযোগ স্ত্রীর
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মেহের নিগার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মেহের নিগার বলেন, হাসপাতালের সিসিইউতে ভর্তি হওয়া থেকেই বোঝা যায় রিমান্ডের নামে মান্নাকে কি ধরনের নির্যাতন করা হয়েছে। আদালতে মান্না তার অসুস্থতার কথা জানিয়ে ডাক্তার ও আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন। উচ্চ আদালতের নির্দেশমতে এ ধরনের বিধান থাকলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি।
তিনি আরো বলেন, ফোনালাপ বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে বিচার হলে মান্না নিরপরাধী হিসেবে মুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। এসময় তিনি মান্নার সুচিকিৎসারও দাবি জানান। সংবাদ সম্মেলনে মান্নার মেয়ে নিলম মান্না উপস্থিত ছিলেন।
এএইচ/আরআই