খুঁজে বের করার দায়িত্ব খালেদা জিয়ার : হাছান মাহমুদ
বিএনপির যেসব নেতারা স্বেচ্ছায় আত্মগোপনে আছেন, তাদের খুঁজে বের করার দায়িত্ব দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০ দলীয় জোটের ডাকা অযৌক্তিক হরতাল-অবরোধ ও পেট্রলবোমা মেরে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, বিএনপির যেসব নেতাকর্মীরা এখন স্বেচ্ছায় আত্মগোপনে আছেন- তাদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব হতে পারে না। এই দায়িত্ব বিএনপি নেত্রী খালেদা জিয়ার।
হাছান মাহমুদ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের খোঁজ আগে থেকেই পাওয়া যাচ্ছিল না। তিনি আগেও আত্মগোপনে ছিলেন, এখনও স্বেচ্ছায় আত্মগোপনে আছেন। বিএনপি নেতারাও জানতেন না তিনি কোন জায়গা থেকে কর্মসূচি ঘোষণা করছিলেন। বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন এখন আর বিবৃতি পাঠাচ্ছেন না বলে তাকে নিয়ে তারা নাটক করছেন।
বেগম খালেদা জিয়া জনগণের শত্রু ও দুষ্কৃতিকারীদের নেত্রীতে পরিণত হয়েছেন অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, জনগণের ওপর আক্রমণ না করে গণতন্ত্রের পথে ফিরে আসুন। জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করুন।
যুক্তরাষ্ট্রে সজিব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার ষড়যন্ত্র প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ওই ষড়যন্ত্রের সাথে যুক্তরার্ষ্টের বিএনপির তিন সমর্থক অভিযুক্ত থাকায় তাদের কারাদণ্ড দিয়েছে সেখানকার আদালত। আর এ হামলায় বিএনপির এক কেন্দ্রীয় নেতা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। সময়মতো সরকার তার নাম প্রকাশ করবে।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আরএস/আরআই