সালাহ উদ্দিনের সন্ধান দাবিতে শনিবার ঢাকায় বিক্ষোভ


প্রকাশিত: ১০:৫০ এএম, ১৯ মার্চ ২০১৫

নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সন্ধান ও তাকে ফেরত দেওয়ার দাবিতে শনিবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা মহানগর বিএনিপর আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবীব-উন- নবী খান সোহেল এ কর্মসূচির ঘোষণা করেন।

বিবৃতিতে তারা বলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার খবরে গোটা দেশবাসী উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। ঘটনার পর ১০ দিন অতিবাহিত হলেও সরকার অথবা সরকারের কোন সংস্থা তাকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করেনি। এমনকি, তার পরিবার ও দলের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার জন্য সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও সরকার সে বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।

তারাে আরো বলেন, সরকারের এ রহস্যজনক আচরণ জনমনে সৃষ্ট উৎকণ্ঠাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সন্ধান এবং তাকে সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় ফেরত দেয়ার দাবিতে ঢাকা মহানগর বিএনপি আগামী ২১ মার্চ শনিবার ঢাকা মহানগরের সব থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে।

বিবৃতিতে দলের নেতাকর্মী ও নাগরিকদের মিছিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো জানানো হয়েছে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।