ঢামেক থেকে কারাগারে মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাজারবাগ পুলিশ ও কারারক্ষীদের সহায়তায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় তাকে কারাগারে নেওয়া হয়। ঢামেকের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ই মার্চ রাত ১১টার দ্বিতীয় দফা ১০ দিনের পুলিশ হেফাজতে থাকাকালীন বুকে ব্যথা অনুভব করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
তিনি বলেন, মান্নার অবস্থা বর্তমানে স্থিতিশীল। হৃদপিণ্ডের বড় ধরনের সমস্যা এখন ঠিক হয়ে গেছে। তবে তার ঘাড়ে ব্যথার কিছু সমস্যা রয়েছে। এ জন্য তাকে নিউরোলজি বিভাগের শরণাপন্ন হবার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য গত ২৩শে ফেবুয়ারি রাতে গুলশানের একটি বাসা থেকে মান্নাকে আটক করে ডিবি পুলিশ। ২১ ঘণ্টা পর তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। এরপর বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গত ৫ই মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
এএইচ/আরআই