ববি হাজ্জাজকে এরশাদের উপদেষ্টা থেকে অব্যাহতি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিশেষ উপদেষ্টা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয় বিধায়, পার্টির চেয়ারম্যান তার নিজ এখতিয়ারে তাকে অব্যাহতি প্রদান করেছেন।
রোববার পার্টির প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যান শুধুমাত্র বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করায় জাতীয় পার্টির সাথে তার আর কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না বলে পার্টি চেয়ারম্যান নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত বাংলাদেশি ব্যবসায়ী মুসা বিন শমসেরের বড় ছেলে হাজ্জাজ বিন মুসা ববি (ববি হাজ্জাজ)। গত শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এইচ এম এরশাদকে ‘পিতৃতুল্য’ অভিহিত করে প্রার্থিতার ঘোষণা দেন।
এমএএস/আরএস/পিআর