জামিন পেলেন আলাল


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২২ মার্চ ২০১৫

সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায় জামিন পেয়েছেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আমির হোসেনের অবকাশকালীন বেঞ্চ উভয় মামলায় আলালকে ছয় মাসের জামিন দেয়।

আদালতে আলালের পক্ষে ছিলেন আইনজীবী মো. সগীর হোসেন লিওন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। এই জামিনের ফলে আলালের মুক্তিতে বাধা নেই বলে তার আইনজীবী জানালেও রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যে ঢাকা মেডিকেলের সামনে হামলার শিকার হন নেত্রকোনার সংসদ সদস্য ছবি বিশ্বাস। এসময় হামলাকারীরা তার গাড়ি পুড়িয়ে দেয়, আহত হন তিনি নিজেও।

এই ঘটনার পর ছবি বিশ্বাসের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চকবাজার থানায় দুটি মামলায় হয়। গত ২৭ ডিসেম্বর আটক হওয়ার পর আলালকে উভয় মামলায় গ্রেফতার দেখানো হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।